সামাজিক নিরাপত্তায় বাজেট ১৭%
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১১ জুন ২০২০ । ১৮:৩০
কোভিড-১৯ সঙ্কটকালে নতুন অর্থবছরের বাজেটে খরচের যে পরিকল্পনা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাজিয়েছেন, তার ১৬ দশমিক ৮৩ শতাংশই তিনি সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের প্রস্তাব করেছেন। আগামী ২০২০–২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কােটি টাকার বাজেট প্রস্তাব বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। তাতে সামাজিক নিরাপত্তা খাতে ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ১৬ দশমিক ৮৩ শতাংশ। আর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ০১ শতাংশ।
বিদায়ী ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটে এ খাতে ৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮১ হাজার ৮৬৫ কোটি টাকা করা হয়। অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন, করোনাভাইরাস মহামারীর কারণে সবচেয়ে বেশি দারিদ্র্যপ্রবণ ১০০টি উপজেলায় সব দরিদ্র প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতার আওতায় আনা হবে। তাতে ৫ লাখ নতুন উপকারভোগী যোগ হবে। এই উপজেলাগুলোর সব বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীকে ভাতার আওতায় আনা হবে। এতে নতুন যোগ হবে সাড়ে ৩ লাখ উপকারভোগী।
এছাড়া নতুন করে ২ লাখ ৫৫ হাজার নতুনসহ মোট ১৮ লাখ অস্বচ্ছল প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে মহামারীর আর্থিক ক্ষতি কাটিয়ে গ্রামীণ অর্থনীতিকে সচল করা এবং গ্রামের দুঃস্থ ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরে পল্লী সমাজসেবা কার্যক্রমের জন্য ১০০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশেষ প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ অনুযায়ী, ২ লাখ ৫৫ হাজার নতুন ভাতাভোগী যুক্ত করে অসচ্ছ্বল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ১৮ লাখে উন্নীত করা হবে। সেজন্য ২২৯ কোটি ৫০ লাখ টাকা প্রয়োজন হবে।

