২০২২ বিশ্বকাপ ভেন্যুর ভার্চুয়ালি উদ্বোধন

২০২২ বিশ্বকাপ ভেন্যুর ভার্চুয়ালি উদ্বোধন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার ১৬ জুন ২০২০ । ২০:২০

কাতার ফিফা বিশ্বকাপের জন্য নবনির্মিত এডুকেশন সিটি স্টেডিয়াম ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। করোনাভাইরাসের কারনে স্টেডিয়ামটি উন্মুক্ত করতে গিয়ে আড়ম্বর কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। সোমবার (১৫ জুন) কাতারের ফিলহারমোনিক অর্কেষ্ট্রা দলটি মাস্ক ও গ্লাভস পরিহিত অবস্থায় মাঠের মাঝখানে দাঁড়িয়ে সুরের মূর্ছনায় স্টেডিয়ামটিকে সকলের কাছে পরিচয় করিয়ে দেন।

এ সময় তাদের চারপাশে মোমবাতি জ্বালিয়ে স্টেডিয়ামের সকল নির্মাণ শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। করোনা মহামারীর মধ্যেও তাদেরকে ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি টেলিভিশনে সম্প্রচারের মাধ্যমে সকলের সামনে তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মূলত বিশ্বের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

৪০ হাজার ধারনক্ষমতা স্টেডিয়ামটি ২০২২ কাতার বিশ্বকাপের সাতটি ভেন্যুর মধ্যে অন্যতম। উদ্বোধনী অনুষ্ঠানে পর ২০২২ বিশ^কাপের প্রধান নির্বাহী নাসির আল-খাতের বলেছেন, ‘এ সবই আশার বানী। অবশ্যই সারা বিশ^জুড়ে যারা সামনে থেকে এই করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। এটা তাদের কাজের প্রতি একটি ক্ষুদ্র উপলব্ধি।’

গত বছর ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু নির্মাণকাজ পুরোপুরি শেষ না হওয়ায় পরবর্তীতে তা বাতিল করা হয়। এখনো পর্যন্ত এখানে কোন ধরনের ম্যাচ আয়োজন করা হয়নি। গত এপ্রিলে বিশ্বকাপের জন্য নির্মিত তিনটি স্টেডিয়ামের বেশ কিছু নির্মান শ্রমিকের দেহে করোনা সংক্রমন ধরা পড়ে। এই শ্রমিকরা সাধারণত এক জায়গায় অনেকে একত্রে বসবাসের কারনে তাদের মধ্যে এই ভাইরাস প্রতিরোধ করা বেশ কঠিন হয়ে পড়েছিল। নাসির দাবি করেছেন, ২০২২ বিশ্বকাপের জন্য ৮০ শতাংশেরও বেশি অবকাঠামো ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে।

এদিকে টুর্নামেন্টের অবকাঠামো নির্মানের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সেক্রেটারী জেনারেল হাসান আল-থাওয়াড়ি বলেছেন করোনা মহামারীর মধ্যে স্টেডিয়ামের নির্মান কাজ সম্পন্ন করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যেকোন ভাবেই হোক আমরা তা সম্পন্ন করেছি। এক্ষেত্রে আমাদের সকলের ইতিবাচক মনোভাব পোষন করা জরুরী ছিল। একইসাথে সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করাও চ্যালেঞ্জিং ছিল।

এক ভিডিও বার্তায় ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এখনো যারা কোভিড-১৯ মহামারীর সাথে লড়াই করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘এডুকেশন সিটিতে নতুন স্টেডিয়ামটি আমাদের একটি কথাই মনে করিয়ে দিচ্ছে ফুটবল খুব শিগগিরই মাঠে ফিরছে।’

এই স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে খেলা শুরু হবে। ২০২২ কাতার বিশ্বকাপ শুরু হতে এখনো আড়াই বছর বাকি। ইতোমধ্যেই আয়োজক দেশটি ৪০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন একেবারে নতুন স্টেডিয়াম আল-জানুব’র উদ্বোধন করেছে। পুরোনো আন্তর্জাতিক ভেন্যু খালিফা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডেরও সংষ্কার কাজ সম্পন্ন করেছে। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading