করোনায় আক্রান্ত মাশরাফি
উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ১৭:১০
ক্রীড়াঙ্গনে একের পর এক করোনাভাইরাসের থাবা। কোভিড-১৯ রোগ ধরা পড়েছে এবার মাশরাফি মুর্তজার। মাশরাফি শুধু একজন ক্রিকেটারই নন, তিনি একজন সংসদ সদস্যও। ফলে তিনি আক্রান্ত হওয়ায় সংসদ সদস্য আক্রান্ত হওয়ার সংখ্যাও বেড়েছে। শনিবার (২০ জুন) সাবেক অধিনায়ক মাশরাফি এমপি’র ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার করোনা ধরা পড়ে সাবেক ওপেনার নাফিস ইকবালের।
করোনার উপসর্গ থাকায় শুক্রবার পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। আর শনিবার (২০ জুন) দুপুরে করোনার ফলাফল ‘পজিটিভ’ আসে তার। মাশরাফির আগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন তার শাশুড়ি ও স্ত্রীর বড় বোন।
মাশরাফির ছোট ভাই মোরসালিন বলেছেন, ‘ভাইয়ার দুই দিন ধরে জ্বর। গতকাল (শুক্রবার) রাতে টেস্ট করান উনি। আজ শনিবার টেস্টে পজিটিভ এসেছে। ভাই বাসাতেই আইসোলেশনে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি সংক্রমণের শুরু থেকেই এলাকার জনগণের সেবার কাজ করে যাচ্ছেন। গত কয়েক মাসে বেশ কয়েকবার নড়াইল যেতে হয়েছে তাকে। এখন তিনি নিজেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত।

