জন বোল্টনের বই ‘ঠেকাতে’ পারলেন না ডোনাল্ড ট্রাম্প
উত্তরদক্ষিণ । ২০ জুন ২০২০ । আপডেট : রবিবার ২১ জুন ২০২০ @ ১০:৩১
আরেকটি ধাক্কা খেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের লেখা একটি বই প্রকাশ আটকের দেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন সেটা বিচারক প্রত্যাখ্যান করেছেন। খবর বিবিসি ও সিএনএনের।
এখন ট্রাম্পকে অনেক ‘গোপন ও অজানা তথ্য। মোকাবেলা করতে হবে যেটা তিনি চাননি।
আমেরিকার বিচার বিভাগের যুক্তি ছিল বইটিতে যেসব বিষয় রয়েছে তা ছাপানোর আগে ‘যথাযথভাবে যাচাই’ করে দেখা হয়নি।
রায়ে বিচারক রয়েস ল্যামবার্থ বলেছেন, বইটিতে নিরাপত্তাজনিত যেসব উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেটা রুখতে ইনজাংশন বা স্থগিতাদেশের আবেদনের যথার্থ্যতা যুক্তরাষ্ট্রের সরকার প্রতিষ্ঠা করতে পারেনি।
ওয়াশিংটন ডিসিতে আমেরিকার ডিস্ট্রিক্ট আদালতের ওই বিচারক বইটিলে নিয়ে বোল্টনকে দুটি কথা শুনিয়েছেন। বিচারক রয়েস ল্যামবার্থ বলেছেন, মি. বোল্টন আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে ‘খেল খেলেছেন’ এবং এর জন্য ‘দেশকে ক্ষতির মুখে পড়তে হতে পারে’।

জন বোল্টনের বই ‘দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড’ (যেখানে এসব ঘটেছে) অনুষ্ঠানিক ভাবে বাজারে বেরোচ্ছে ২৩শে জুন। আগে থেকেই আমেরিকায় দেদারসে বিক্রির সম্ভাবনা রয়েছে। এই বইয়ে বোল্টন ডোনাল্ড ট্রাম্পকে এমন একজন প্রেসিডেন্ট হিসাবে তুলে ধরেছেন, যার সব সিদ্ধান্তের পেছনে উদ্দেশ্য একটাই- ব্যক্তি-স্বার্থ। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আবার জয়লাভ।
এই বইয়ে বোল্টন যেসব দাবি করেছেন তার বেশিরভাগেরই ভিত্তি ব্যক্তিগত কথাবার্তা এবং ফলে সেগুলো যাচাই করা অসম্ভব।
ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই বোল্টনের এসব দাবি অস্বীকার করেছে। ট্রাম্প বইটিকে ‘মিথ্যা কাহিনি’ ও ‘আষাঢ়ে গল্পে ভরা’ বলে আখ্যায়িত করেছেন।

