সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী
উত্তরদক্ষিণ । রবিবার ২১ জুন ২০২০ । আপডেট ২১:৪৭
দেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সুখি-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে জেলা পরিষদের সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রবিবার (২১ জুন) সচিবালয়ে নিজ কক্ষে কুমিল্লা, চাঁদপুর ও ভোলা জেলা পরিষদের নব নির্বাচিত তিনজন সদস্যকে শপথ বাক্য পাঠ শেষে এই আহবান জানান তাজুল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ জেলা পরিষদ আইন ২০০০’ কে সংশোধন করে জেলা পরিষদকে অধিকতর জনকল্যাণমুখী ও যুযোগপযোগী করে পরিষদের কাঠামো অত্যন্ত শক্তিশালী করেছেন।
তিনি বলেন, জেলা পরিষদ দেশের অবকাঠামো উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলে সরকারের নেয়া ও বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা পরিষদগুলোকে আরো বেশি জনবান্ধব ও উন্নয়নমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতেও জেলা পরিষদের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান মন্ত্রী।
নব নির্বাচিত সদস্যরা হলেন, কুমিল্লা জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের ১২ নং ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন এবং ভোলা জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান।
উক্ত জেলা পরিষদের সদস্যদের মৃত্যুজনিত কারণে পদ তিনটি শূন্য হয়। পরে এ ওয়ার্ডগুলোতে নির্বাচন হয়। নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা গত ৪ ও ৬ জুন গেজেট আকারে অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

