বাংলাদেশ নিয়ে আপত্তিকর মন্তব্য : অবশেষে ক্ষমা চাইলো আনন্দবাজার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১৪:১০
অবশেষে বাংলাদেশের পাঠকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলো ইন্ডিয়ার কলকাতাভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
বাংলাদেশি পণ্যে বেইজিং-এর শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিতের ঘটনাকে ‘খয়রাতি’ আখ্যা দিয়ে তোপের মুখে পড়ে পত্রিকাটি। পরে এ ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছে তারা।
মঙ্গলবার (২৩ জুন) ওই পত্রিকার প্রিন্ট ভার্সনের চতুর্থ পৃষ্ঠায় ‘ভ্রম সংশোধন’ শিরোনামে এ ক্ষমা প্রার্থনা করা হয়।
এর আগে গত ২০ জুন প্রকাশিত ‘লাদাখের পর ঢাকাকে পাশে টানছে বেইজিং’ শিরোনামের ওই প্রতিবেদনের শুরুতেই ‘বাণিজ্যিক লগ্নি আর খয়রাতির সাহায্য ছড়িয়ে বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা চীনের নতুন নয়’ বলে লেখা হয়।

প্রতিবেদনের এই বাক্যে ‘খয়রাতি’ শব্দের ব্যবহারে তীব্র সমালোচনার ঝড় উঠে। বিষয়টি নিয়ে বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ সরব হন সামাজিকমাধ্যমে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কলকাতাভিত্তিক ওই পত্রিকার অবস্থানের সমালোচনা করা হয়।
অবশেষে মঙ্গলবার (২৩ জুন) ‘ভ্রম সংশোধন’ শিরোনামে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করেছে আনন্দবাজার পত্রিকা।
সেখানে তারা লিখেছে ‘লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’ শীর্ষক খবরে (২০-৬, পৃ: ৮) খয়রাতি শব্দের ব্যবহারে অনেক পাঠক আহত হয়েছেন বলে জানিয়েছেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।’

