বন্ধের পথে ‘কফি উইথ করণ’!
উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১০:৩০
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপ্রীতি (নেপোটিজম) নিয়ে চলছে জোর আলোচনা। সমালোচনায় রয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা।
এরমধ্যে রয়েছে করণ জোহরও। অনেকেই তার বিরুদ্ধে কথা বলছেন। এমন পরিস্থিতিতে এমন প্রশ্নও উঠেছে, তবে কি বন্ধ হয়ে যাচ্ছে ‘কফি উইথ করণ’ শো?
বিনোদনভিত্তিক ইন্ডিয়ান সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সুশান্তের মৃত্যুর পর স্বজনপ্রীতি ও বলিউডের এলিট ক্লাব বিতর্ক তুঙ্গে। অনেকের অভিযোগ, বলিউডে স্বজনপ্রীতি চরমে ওঠার কেন্দ্রে রয়েছেন করণ জোহর।
এখন নতুন খবর হলো, করণ জোহরের সবচেয়ে আলোচিত চ্যাট-শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ মৌসুম নাকি আর হচ্ছে না।
পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হচ্ছে, চিরতরে বন্ধ হতে পারে করণের চ্যাট-শো। চলমান বিতর্কের কারণে চ্যানেল সিদ্ধান্ত নিয়েছে, সহসাই ষষ্ঠ মৌসুমের শুট হচ্ছে না। চ্যানেলটি তাদের মত জানিয়েছে এবং নতুন মৌসুম সম্পর্কে সজাগ। যদি শুরু হয়, তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও দর্শকের তোপের মুখে পড়তে হবে।
তবে এ ব্যাপারে করণ জোহর এখনো মুখ খোলেননি। তা ছাড়া নির্মাতাদের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

