আরো একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

আরো একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১৪:০৩

দেশে অনুমোদন পেলো আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকার উত্তরায় এই বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নতুন এই বিশ্ববিদ্যালয় নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৬টি।

বিশ্ববিদ্যালয়টির নাম, ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম শরীফ এই বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা। অধ্যাপক রফিকুল বর্তমানে রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (UODA) উপাচার্যের দায়িত্বে আছেন।

জানা যায়, গত ১৬ জুন অধ্যাপক রফিকুল ইসলাম শরীফকে বিশ্ববিদ্যালয় অনুমোদনের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

২৩টি শর্তে নতুন এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শর্তে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। কমপক্ষে তিনটি অনুষদ এবং অনুষদগুলোর অধীনে ছয়টি বিভাগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, ছাত্রছাত্রীদের জন্য কমনরুম, সেমিনার কক্ষসহ পর্যাপ্ত অবকাঠামো রাখতে হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সম্পর্কিত একটি পরিকল্পনা প্রণয়ন করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে অনুমোদন নিতে হবে বলেও আদেশে জানানো হয়েছে।

জানা গেছে, ২০১৪ সালে ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ অনুমোদনের জন্য আবেদন করা হয়। ওই সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় বিষয়ে কাগজপত্র যাচাই ও মতামত প্রদানের জন্য ইউজিসিকে চিঠি দেয়া হয়। এর প্রায় ছয় বছর পর নতুন এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হলো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading