ইথিওপিয়ায় ১১৪ বছরের বৃদ্ধের করোনা জয়!
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৯:৫০
ইথিওপিয়ায় ১১৪ বছরের এক বৃদ্ধ করোনাভাইরাস আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছেন। আদিস আবাবার একটি হাসপাতালের ডাক্তার ইয়ারেদ আগিদিউ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, তারই পরিচালিত সেই হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ওই শতবর্ষী লোকটি। এ খবর বিবিসি’র।
মনে করা হয় যে, ৮০ বছর বা তার বেশি বয়সের লোকেরা করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। কিন্তু ডা. ইয়ারেদ বলছেন, ১১৪ বছরের ওই বৃদ্ধ পুরোপুরি সেরে উঠেছেন। তার স্বাস্থ্য এখন ভালো আছে। আমাদের স্বাস্থ্যকর্মীরা দীর্ঘজীবী ও সুস্বাস্থ্যের অধিকারী হোক!’ – ফেসবুকে লেখেন তিনি।
ইথিওপিয়ায় এ পর্যন্ত প্রায় ৫ হাজার লোক কোভিড-১৯এ আক্রান্ত হয়েছেন এবং ৭৫ জন মারা গেছেন।
অবশ্য কোভিড-১৯ আক্রান্ত হয়েও বেঁচে গেছেন এমন শতবর্ষী ইথিওপিয়ার এই লোকটিই প্রথম নন। ব্রিটেনে অন্তত তিনটি এমন ঘটনার খবর পাওয়া গেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এর মধ্যে একজন ছিলেন বার্মিংহ্যামের ১০৬ বছরের বৃদ্ধা কনি টিচেন, যাকে মনে করা হয় করোনাভাইরাস থেকে বেঁচে যাওয়া ব্রিটেনের সবচেয়ে বয়স্ক মানুষ।

