ইন্ডিয়ায় আক্রান্ত ৫ লাখ ছাড়িয়েছে, প্লাজ়মায় ‘সুস্থ’ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

ইন্ডিয়ায় আক্রান্ত ৫ লাখ ছাড়িয়েছে, প্লাজ়মায় ‘সুস্থ’ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । আপডেট ১৫:৪০

ইন্ডিয়ায় প্রতিদিনই করোনায় সংক্রমিত রোগীর নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গতকাল শুক্রবার দেশটিতে কভিড-১৯ নতুন রোগীর সংখ্যা ছিল ১৬ হাজার ৯২২। শনিবার (২৭ জুন) তা হয়েছে ১৭ হাজার ২৯৬। আরও ৪০৭ জনের মৃত্যুতে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ছুঁইছুঁই করছে।

শনিবার (২৭ জুন) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান বলছে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯০ হাজারেরও বেশি। তবে সংবাদ সংস্থার বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, শুক্রবারই (২৬ জুন) ইন্ডিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। রোগীর সংখ্যা ৩ থেকে ৪ লক্ষ হয়েছিল ৮ দিনে। ৪ থেকে ৫ লক্ষে পৌঁছাল ৬ দিনে। রাত পর্যন্ত বিভিন্ন রাজ্যে রোগী বৃদ্ধির সংখ্যা হিসাব করে সংবাদ সংস্থা যদিও বলছে, সংখ্যাটা ৫ লক্ষ পেরিয়ে গিয়েছে।

এদিকে, ওয়ার্ল্ডওমিটাে শনিবার সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, ইন্ডিয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১০ হাজার ৬৭২ জনে, মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭১২ জন। তবে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৯৬ হাজারের বেশি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, দেশে গোষ্ঠী-সংক্রমণের তত্ত্ব কেন্দ্র না-মানলেও গোয়ার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত শনিবার জানিয়েছেন, তার রাজ্যে সামাজিক সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। আয়ুর্বেদ চিকিৎসকের ডিগ্রিধারী মুখ্যমন্ত্রী আজ বলেন, ‘রাজ্যের সমস্ত জায়গা থেকে রোগী পাওয়া যাচ্ছে। সামাজিক সংক্রমণ যে হয়েছে, এটা মানতে হবে।’

প্লাজমা থেরাপিতে করোনা মুক্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, আশার একটি খবর হলো, প্লাজমা থেরাপিতে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের কোভিড-১৯ থেকে সেরে ওঠায় হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছেন। সপ্তাহখানেক আগেই আশঙ্কাজনক অবস্থা ছিল স্বাস্থ্যমন্ত্রী জৈনের। সেই সময়ে সেরে-ওঠা কোভিড-১৯ রোগীর অ্যান্টিবডি-সমৃদ্ধ প্লাজ়মা বা রক্তরস দেওয়া হয় তাকে। দু’দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে থাকেন জৈন।

বিশেষজ্ঞদের একাংশের মতে, নির্দিষ্ট ওষুধ আবিষ্কার না-হওয়া পর্যন্ত গুরুতর অসুস্থদের ক্ষেত্রে প্লাজমা থেরাপি যে যথেষ্ট কার্যকর ভূমিকা নিতে পারে, ক্রমশ তা প্রমাণিত হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল শনিবার জানিয়েছেন, সরকারি হাসপাতালে ভর্তি ২০০ জন রোগীকে প্লাজমা দেওয়ার অনুমতি পেয়েছে রাজ্য সরকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading