‘আমি কোভিড-১৯ নেগেটিভ’ এটা সত্য নয়, জানালেন মাশরাফি
উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ২০:২০
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, তার করোনা বা কভিড-১৯ নেগেটিভ রিপোর্ট এসেছে- এমন খবর সম্পূর্ণ অসত্য। তিনি দ্বিতীয় দফায় এখনও পরীক্ষা-ই করাননি।
রবিবার (২৮ জুন) বিকালে নিজের ফেইসবুক পেইজে দেয়া পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। এখানে তার সেই পোস্টটি তুলে ধরা হলো-
বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর টেস্ট করানো ইচ্ছে আছে।
মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।

