ওটিসি থেকে মূল মার্কেটে ফিরছে সোনালী পেপার
উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৫:২৫
সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে পুনরায় তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২ জুলাই থেকে কোম্পানিটি ডিএসইতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “SONALIPAPR”, আর কোম্পানি কোড হবে ১৯৫০৩।
তবে কোম্পানিটিকে মূল মার্কেটে কিছু শর্ত মেনে লেনদেন করতে হবে বলেও জানা গেছে।
শর্তগুলোর মধ্যে রয়েছে- কোম্পানির রেফারেন্স প্রাইস এবং ফ্লোর প্রাইস নির্ধারণ করা হবে ওটিসি মার্কেটের সর্বশেষ ক্লোজ প্রাইসকে। অর্থাৎ কোম্পানিটি গত ৩০ জানুয়ারি ওটিসিতে সর্বশেষ ২৭৩ টাকায় লেনদেন করেছিল। ওই ২৭৩ টাকাকে কোম্পানির ফ্লোর প্রাইস হিসাবে নির্ধারণ করা হবে। ডিএসইতে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানির সার্কিট ব্রেকার এবং সার্কিট ফিল্টার (প্রাইস লিমিট) থাকবে।
এছাড়া কোম্পানিটি ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। সোনালী পেপারকে পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের আগে পর্যন্ত জেড ক্যাটাগরিতে লেনদেন করতে হবে।

