চীনের ‘বিকল্প’ হতে পারে বাংলাদেশ: পম্পেও-কে মোমেন

চীনের ‘বিকল্প’ হতে পারে বাংলাদেশ: পম্পেও-কে মোমেন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার ৩০ জুন ২০২০। আপডেট ১৭:১২

চীনের সঙ্গে ব্যবসায়িক বিরোধের মধ্যে মার্কিন বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ‘বিকল্প’ গন্তব্য হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের সঙ্গে এক ফোনালাপে বাংলাদেশে বিনিয়োগের ‘অপূর্ব পরিবেশ রয়েছে’ বলেও তিনি তাকে অবহিত করেছেন। প্রায় ৪০ মিনিটের ওই ফোনালাপের বিভিন্ন দিক সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও আলোচনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

পম্পেওয়ের সঙ্গে টেলিফোন আলাপে ড. মোমেন বলেন, চীন থেকে আমেরিকা অনেক ক্ষেত্রেই মুখ ফিরিয়ে নিচ্ছে। ব্যবসায়ী সম্পর্ক ছিন্ন করছে। সেই শূন্যতা কাটিয়ে উঠতে চীনের বিকল্প হিসেবে বাংলাদেশকে বেছে নিতে পারে আমেরিকা। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগেরও যে ‘অপূর্ব’ পরিবেশ বিরাজ করছে, তাতে আমেরিকা ‘অবাধে’ বিনিয়োগ করতে পারে।

ড. মোমেনের প্রস্তাবের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন, এসব বিষয় দেখাশোনা করে আমেরিকান চেম্বার অব কমার্স। বাংলাদেশ যেন তাদের সঙ্গে এ নিয়ে কার্যকর আলোচনা শুরু করে।

তৈরি পোশাক খাতের অর্ডার বাতিলের প্রসঙ্গ টেনে মোমেন বলেন, করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত বাংলাদেশের পোশাক শিল্প ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। কিন্তু মার্কিন কোম্পানিগুলো তাদের আগের অর্ডার বাতিল করেছে। এটি খুবই ‘দুঃখজনক’ ঘটনা। আমেরিকার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য পণ্য-সামগ্রীর শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দেওয়ার অনুরোধ জানান ড. মোমেন।

ফোনালাপে ড. মোমেন বঙ্গবন্ধুর মৃত্যুদপ্রাপ্ত খুনী রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানালে এ বিষয়ে মার্কিন বিচার বিভাগের সঙ্গে কথা বলার পরামর্শ দেন পম্পেও।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading