করাচি স্টক এক্সচেঞ্জে হামলার নেপথ্যে ইন্ডিয়ার হাত ছিল : ইমরান খান
উত্তরদক্ষিণ । বুধবার ০১ জুলাই ২০২০। আপডেট ১০:৩০
পাকিস্তানে করাচির স্টক এক্সচেঞ্জে জঙ্গি হামলার পেছনে ইন্ডিয়ার হাত ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
মঙ্গলবার (৩০ জুন) পাকিস্তানের পার্লামেন্টে এক বক্তব্যে পাক প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ইমরান খান বলেন, “ইন্ডিয়া এই হামলার নেপথ্যে আছে এতে কোনও সন্দেহ নেই।”
তবে তিনি তার এই অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেননি।
এসময় ইমরান খান আরও বলেন, “গত দু’মাস ধরে আমার মন্ত্রিসভা জানত (একটি হামলা হবে)। আমি মন্ত্রীদেরকে জানিয়েছিলাম। আমাদের সব সংস্থা উচ্চ সতর্কতায় ছিল।”
উল্লেখ্য, গত সোমবার (২৯ জুন) চার বন্দুকধারী গ্রেনেড নিয়ে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ ভবনে হামলা চালায়। এসময় দুই রক্ষীসহ এক পুলিশ নিহত হয়। পরে নিরাপত্তা বাহিনী হামলাকারীদের প্রত্যেককে হত্যা করে।

