ক্যারিবিয়ান কিংবদন্তি এভারটন উইকস আর নেই
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। ১০:২৮
না ফেরার দেশে চলে গেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার এভারটন উইকস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
জানা গেছে, দীর্ঘদিন অসুস্থতায় ভুগে বুধবার (১ জুলাই) বারবাডোজে নিজ বাড়িতে মারা গেছেন সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
উইকস ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ‘থ্রি ডব্লিউ’ এর শেষ জীবিত সদস্য। অন্য দুজন স্যার ক্লাইড ওয়ালকট ও স্যার ফ্রাঙ্ক ওরেল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আগেই। ১৯৪৮ সালের শুরুর দিকে তিন সপ্তাহের মধ্যে টেস্ট অভিষেক হয়েছিল এই তিন জনের। অনেকেই মনে করেন, তিন জনের মধ্যে সেরা ব্যাটসম্যান ছিলেন উইকস।
১৯৪৮ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি সেঞ্চুরি করেছিলেন টানা পাঁচ টেস্ট ইনিংসে, যা এখনও বিশ্ব রেকর্ড হিসেবে টিকে আছে। টানা ছয় সেঞ্চুরিই হতে পারত। তবে ষষ্ঠ ইনিংসে আম্পায়ারের ভুলে রান আউট হয়েছিলেন ৯০ রানে।
উইকসের তিন ছেলে ও এক মেয়ে। এক ছেলে ডেভিড মারি ১৯৭৮ থেকে ১৯৮২ পর্যন্ত উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯ টেস্ট খেলেছেন।

