টি-২০ বিশ্বকাপ স্থগিত হবে কি হবে না, ঘোষণা এই সপ্তাহেই
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ০৯:৫০
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে কি করবে-না, এ নিয়ে সিদ্বান্তহীনতায় দুলছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল দু’মাসে তিনবার বৈঠক করেও কোনো সিদ্বান্ত নিতে পারেনি আইসিসি।
আইসিসি কোনো সিদ্বান্ত নিতে না পারলেও, বিশ্বকাপ আয়োজনের পক্ষে এখন পর্যন্ত ক্রিকেট বিশেষজ্ঞরা-সাবেক, বর্তমান ক্রিকেটাররা কেউই মত দেননি। সকলেই বিশ্বকাপ আয়োজনের বিপক্ষেই ছিলেন।
এমনকি আয়োজক দেশ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছিলো, এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সভাপতি আর্ল হেডিংস বলেছিলেন, করোনার মধ্যে এ টুর্নামেন্ট আয়োজন ‘অবাস্তব’ এবং ‘কঠিন’।
তবে অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম প্রতিবেদন দিয়েছে, অক্টোবরে টি-২০ বিশ্বকাপের ভাগ্য ঠিক হয়ে গেছে। এ বছরের নির্ধারিত টি-২০ বিশ্বকাপ হচ্ছে না।
‘টেলিগ্রাফ’ ও ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে এই সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে টি-২০ বিশ্বকাপ স্থগিত ঘোষণা করা হবে। খবর বাসস-এর।

