৪ হাজারের ঘরে পৌঁছেছে ডিএসইএক্স
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১৫:১৫
প্রায় এক মাসেরও বেশি সময় পর মঙ্গলবার (০৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪ হাজার ছাড়িয়েছে। ডিএসইতে এদিন অন্য সূচকও বেড়েছে। তবে টাকার অংকে ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১ পয়েন্টে অবস্থান করছে। এর আগে এই সূচকটি মে মাসের ৩১ তারিখ ৪ হাজার ৬০ পয়েন্টে ছিল।
মঙ্গলবার ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৬পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির। লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট । যা আগের দিন থেকে ১১ কোটি ৫০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৫০ কোটি ৬ লাখ টাকার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৬৪.৬৩ পয়েন্টে। সিএসইতে এদিন ১২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দর বেড়েছে, কমেছে ১৪টির আর ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

