করোনা সংক্রমণ: ফ্রান্সকেও ছাড়িয়ে গেল বাংলাদেশ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ১৫:৩৫
মোহাম্মদ শিহাব: করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার হিসাবে শীর্ষ তালিকায় থাকা ফ্রান্সকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। এর মাধ্যমে শীর্ষ তালিকার ১৮তম থেকে ১৭তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম। এর আগে করোনার মাতৃভূমি খ্যাত চীনকে পেছনে ফেলে বাংলাদেশ। মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সবশেষ করোনার তথ্যের ভিত্তিতে ওয়ার্ল্ডওমিটারের বিশ্ব পরিসংখ্যানে এমনটা দেখা গেছে। তবে ফ্রান্সের তুলনায় বাংলাদেশে মৃত্যু হার অনেক কম। আর সুস্থতার হার ফ্রান্সের তুলনায় বাংলাদেশে বেশি।
বিশ্বে করোনা বা কভিড-১৯ সংক্রমণ নিয়ে ওয়ার্ল্ডওমিটারে মঙ্গলবার গ্রিনিচ মান সময় ০৮:৪৭টায় সবশেষ প্রকাশিত জরিপে দেখা গেছে, বাংলাদেশে সরকারি তথ্য অনুযায়ী- করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। অপরদিকে, ইউরোপের দেশ- ফ্রান্সে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৩৩৫ জন। বর্তমানে ফ্রান্সের চেয়ে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৩১০ জন বেশি। তবে বাংলাদেশে প্রতিদিনই যে হারে সংক্রমণ বাড়ছে তাতে এই ব্যবধান দ্রুতই বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করেন।
অবশ্য বাংলাদেশের জন্য ভালো খবর হলো, ফ্রান্সের তুলনায় বাংলাদেশে মৃত্যু খুবই কম। এ পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে ফ্রান্সে মৃত্যু হয়েছে প্রায় ৩০ হাজার মানুষের। বাংলাদেশে সেই সংখ্যা ২ হাজার ১৫১ জন। সুস্থতার হারও ফ্রান্সের চেয়ে বাংলাদেশে বেশি।
শীর্ষ তালিকার ১৮তম অবস্থানে থাকা ইউরোপের দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৩০৮ জন। আর বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১০২ জন।
তালিকার শীর্ষে থাকা আমেরিকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজারের বেশি। দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে মোট আক্রান্ত ১৬ লাখ ২৬ হাজারের বেশি। দেশটিতে মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৫শ’র বেশি মানুষ। সংক্রমনের হিসাবে এর পরে আছে যথাক্রমে- ইন্ডিয়া ও রাশিয়া। ইন্ডিয়ায় আক্রান্ত সোয়া ৭ লাখ প্রায়, মৃত্যু সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্ডিয়ার পরিস্থিতিই সবচেয়ে নাজুক। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

