সরকারের মদদেই রিজেন্ট হাসপাতালে অপকর্ম, ফখরুলের মন্তব্য
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ১৯:৪৪
করোনাভাইরাসের চিকিৎসায় জালিয়াতি ও নানান অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। এই হাসপাতালের এ কর্মকাণ্ড সরকারের মদদেই হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত ‘কার্যকর গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘একটা হাসপাতাল কী করে একটা মিথ্যা সার্টিফিকেট দিতে পারে। আমাদের সমস্ত মন্ত্রীরা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে পরিচিত, অত্যন্ত ঘনিষ্ঠভাবে তাদের সঙ্গে কথা বলছেন, কাজ করছেন। অর্থাৎ পুরোপুরি সরকারের মদদ নিয়ে এই অপকর্মটা তারা করেছে।’
করোনা মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সকালে উঠে শুনতে হয় মৃত্যুর খবর আবার রাতে শোয়ার আগেও শুনতে হয় মৃত্যুর খবর। এভাবে মহামারিতে মৃত্যু হবে কিন্তু তা কোনো রকমের প্রতিরোধ গড়ে উঠবে না এবং চরম উদাসীনতার মধ্য দিয়ে, অবহেলার মধ্য দিয়ে সরকার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে-এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না।’
সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না, ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, নির্বাচন কমিশনের সাবেক সচিব রশিদ সরকার আলোচনা করেন।

