হারের ধাক্কা সামলে জয়ে ফিরল চেলসি

হারের ধাক্কা সামলে জয়ে ফিরল চেলসি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ জুলাই ২০২০ । আপডেট ১০:৫০

হারের ধাক্কা সামলে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি। আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া নরিচ সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে খানিকটা এগিয়ে গেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে জিতেছে চেলসি। লিগে প্রথম পর্বে নরিচের মাঠে ৩-২ গোলে জিতেছিল তারা।

আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মাঠে ৩-০ গোলে হারা চেলসি প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও জালের দেখা পাচ্ছিল না। জিরুদের একটি প্রচেষ্টা রুখে দেন সফরকারী গোলরক্ষক টিম ক্রুল। ক্রিস্টিয়ান পুলিসিকের শট লাগে ক্রসবারে।

প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন জিরুদ। বাঁ দিক থেকে পুলিসিকের ক্রসে ডাইভিং হেডে জাল খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড।

৩৬ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে চারে আছে। গোল পার্থক্যে পিছিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আগেই শিরোপা জেতা লিভারপুলের পয়েন্ট ৯৩। ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading