করোনা টিকার তথ্য হ্যাকিংয়ের অভিযোগ ভিত্তিহীন: রাশিয়া

করোনা টিকার তথ্য হ্যাকিংয়ের অভিযোগ ভিত্তিহীন: রাশিয়া

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৮:৩০

রাশিয়া প্রাণঘাতী কোভিড-১৯ এর টিকা নিয়ে চলা গবেষণার তথ্য হ্যাকিংয়ের চেষ্টা করছে বলে ব্রিটেন যে অভিযোগ করেছে- তা উড়িয়ে দিয়েছেন ক্রেমলিনের এক মুখপাত্র। দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কেউ ব্রিটেনের ওষুধ কোম্পানি ও গবেষণা কেন্দ্রগুলোর তথ্য হ্যাক করার চেষ্টা করেছিল বলে আমাদের কাছে তথ্য নেই।’ তিনি ব্রিটেনের নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের অভিযোগকেও ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রিটিশ জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি) রাশিয়ার বিরুদ্ধে কোভিড-১৯ টিকার গবেষণার তথ্য হ্যাকিংয়ের অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই পেসকভ ওই অভিযোগকে ‘ভিত্তিহীন’ অ্যাখ্যা দেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা- তাস।

এনসিএসসি বলছে, যে হ্যাকাররা কোভিড-১৯ টিকার গবেষণার তথ্য চুরির চেষ্টা করছে তারা যে রুশ গুপ্তচর সংস্থার হয়ে কাজ করছে, তা ‘অনেকটাই নিশ্চিত’।

অভিযোগ করলেও এর সপক্ষে কোনো প্রমাণ হাজির করেনি ব্রিটিশ সাইবার নিরাপত্তা কেন্দ্র। কোন কোন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে এবং কোনো তথ্য আদৌ চুরি হয়েছে কিনা, তাও স্পষ্ট করেনি তারা।

রুশ হ্যাকারদের নিশানায় ব্রিটেনের পাশাপাশি আমেরিকা ও কানাডার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও আছে বলে ভাষ্য এনসিএসসি’র। তবে এর জবাব দিয়েছে রাশিয়া। ‘এ ধরনের অভিযোগ মেনে নিতে পারি না আমরা। একই কথা প্রযোজ্য ২০১৯ এর ব্রিটেনের নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ বিষয়ক ভিত্তিহীন অভিযোগের ব্যাপারেও,’ বলেছেন পেসকভ।

লন্ডন ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন নথি ফাঁস করে দিয়ে ‘রাশিয়ার ক্রীড়নকরা’ ব্রিটেনের গত বছরের সাধারণ নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ ব্রিটিশ সরকারের। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading