ইন্ডিয়ায় করোনায় আক্রান্ত ১০ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৯:২৫
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা ইন্ডিয়ায় কভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার (১৭ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ- ৩৪ হাজার ৯৫৬ নতুন রোগী শনাক্ত হয়েছে ইন্ডিয়ায়। এর আগে প্রতিবেশী দেশটিতে একদিনে এত বেশি রোগী আর পাওয়া যায়নি।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ইন্ডিয়ায় এ পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩ হাজার ৮৩২ জন। কেবল শনাক্তে নয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইন্ডিয়ায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুরও রেকর্ড হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৬৮৭ জনের মৃত্যুতে এশিয়ার সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে কোভিড-১৯ রোগী মৃতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত হয়েছে ২৫ হাজার ৬০২ জন।
জানুয়ারিতে কেরালায় প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ইন্ডিয়ায় রোগীর সংখ্যা ১০ লাখে পৌঁছাতে সময় লাগল সাড়ে ৫ মাস। এর মধ্যে শেষ ১ লাখ শনাক্ত হয়েছে মাত্র ৩ দিনে।
দেশটিতে শুক্রবার পর্যন্ত ৬ লাখ ৩৫ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে আনন্দবাজারের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে।

