সাহেদের করোনা পরীক্ষা করা হবে
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ১৩:১০
রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদের করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আদালতে হাজির করা হলে তিনি নিজেকে করোনাভাইরাসে আক্রান্ত বলে দাবি করেছেন। তিনি প্রকাশ্য আদালতে এই দাবি করলেও তার আইনজীবীকে জানিয়েছেন যে, তিনি এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
গোয়েন্দা পুলিশ বলেছে, গ্রেপ্তারের পর স্বাস্থ্য পরীক্ষায় অভিযুক্ত সুস্থ ছিল এবং এখন মো. সাহেদ আদালতে বা আইনজীবীর কাছে যে বক্তব্যই দিক না কেন, তার করোনাভাইরাস পরীক্ষা করা হবে।
করোনাভাইরাসের ভুয়া পরীক্ষা এবং চিকিৎসায় প্রতারণার নানা অভিযোগে গত বুধবার সাতক্ষীরার সীমান্ত থেকে র্যাব মো. সাহেদকে গ্রেপ্তার করে।
বুধবারই র্যাব তাকে গোয়েন্দা পুলিশ বা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।
চিকিৎসায় প্রতারণার মামলায় গোয়েন্দা পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত ১০ দিন জন্যই রিমান্ড মঞ্জুর করেছে।
এর শুনানির সময়ই মো. সাহেদ আদালতে নিজেকে করোনাভাইরাস আক্রান্ত বলে দাবি করেন। খবর বিবিসি’র।

