করোনার ভ্যাকসিন সবাই যেন পায়, সেটা নিশ্চিত করতে হবে: জাতিসংঘ

করোনার ভ্যাকসিন সবাই যেন পায়, সেটা নিশ্চিত করতে হবে: জাতিসংঘ

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই, ২০২০ । আপডেট : ০৯:৫০

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে কোনো ভ্যাকসিন আবিষ্কার হলে তা হবে বিশ্বের জনগণের জন্য এবং করোনা মোকাবিলায় সবার জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে বলে সম্প্রতি এক প্রস্তাবে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা করোনাভাইরাস মহামারি মোকাবিলায় রাষ্ট্রসমূহের দায়িত্বের গুরুত্ব তুলে ধরে বৃহস্পতিবার (১৬ জুলাই) একটি প্রস্তাব গ্রহণ করেছে। অন্যান্যের মধ্যে চীন ও রাশিয়া সমর্থিত এই প্রস্তাবটি সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও গৃহীত হয়েছে।

সর্বসম্মতভাবে জাতিসংঘ মানবাধিকার পরিষদ কর্তৃক গৃহীত প্রস্তাবে ‘মহামারি এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক জরুরি ব্যাপারে রাষ্ট্রের কেন্দ্রীয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়’।

গত বছরের শেষের দিকে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৬ লাখ লোকের মৃত্যু এবং ১ কোটি ৩৯ লাখের বেশী লোক আক্রান্ত হওয়ার পর আর্থ-সামাজিক পরিস্থিতির সংকটের মধ্যে এই প্রস্তাব উত্থাপিত হয়েছে।

এই প্রস্তাবে টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ওপর প্রভাব তুলে ধরে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় রাষ্ট্রের যেকোনো জরুরি পদক্ষেপ গ্রহনের ক্ষেত্রে মানবাধিকার আইনের বাধ্যবাধকতা অবশ্যই মেনে চলা উচিত বলে গুরুত্বারোপ করা হয়।

গৃহীত প্রস্তাবে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও ভ্যাকসিনের ‘ন্যায়সংগত ও নিবিঘ্নে প্রাপ্তি’ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়, কোভিড-১৯ মোকাবিলায় যেকোনো ভ্যাকসিন উদ্ভাবন ‘বিশ্বের জনগণের জন্য’ বলে বিবেচিত হবে। করোনার ভ্যাকসিন সবার জন্য নিশ্চিত করতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading