সাবেক হুইপ আশরাফ মারা গেছেন
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই, ২০২০ । আপডেট : ১২:৪৮
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ ও খুলনা-৩ আসনের সাবেক এমপি মো. আশরাফ হোসেন (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
গত ২০ দিন ধরে তিনি গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের বড় ছেলে মঈন উদ্দিন আশরাফ জানান, শনিবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ এর বড় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আশরাফ হোসেনের ওয়াসিয়ত অনুযায়ী তাকে কুমিল্লার গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তার বাবা মায়ের পাশে সমাহিত করা হবে। সূত্র – বাংলা ট্রিবিউন।

