আমেরিকার নেতৃত্ব: ট্রাম্পের দৃষ্টিতে বাইডেন ‘পাগলাটে’ ও ‘অযোগ্য’!
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১৮:১৫
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। করোনা মহামারির মধ্যেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন হতে পারেন। কিন্তু আমিরকার নেতৃত্ব দেয়ার জন্য তাকে অযোগ্য মনে করেন ট্রাম্প। ট্রাম্পের করোনা মহামারি মোকাবেলা নিয়ে ভোটারদের অসন্তোষ আরো গভীর হয়েছে, সপ্তাহান্তের এ জনমত জরিপ প্রসঙ্গে ট্রাম্প এ কথা বলেন।
রবিবার (১৯ জুলাই) মার্কিন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, ‘বাইডেন পাগলাটে। মানসিকভাবে তিনি ক্ষ্যাপাটে ধরণের।’ ট্রাম্পের সমর্থক মিডিয়া হিসেবে বিশ্বে পরিচিত ফক্স নিউজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আগামী ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন জিতলে তিনি এই দেশকে ধ্বংস করবেন।’
ফক্স নিউজকে দেয়া ট্রাম্পের সাক্ষাৎকারের ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুন
করোনা মহামারি, জাতিগত বিক্ষোভ ও অর্থনীতি নিয়ে চ্যালেঞ্জের মুখে থাকা ট্রাম্প সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে এ ধরণের নানা মনগড়া মন্তব্য করেই চলেছেন।
ট্রাম্পের মতে, বাইডেন নির্বাচিত হলে ধর্ম শেষ হয়ে যাবে। এ প্রসঙ্গে তিনি ভাইরাস প্রতিরোধে ডেমোক্রেট কর্মকর্তাদের চার্চে যাওয়ার ওপর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, বাইডেন কর তিনগুণ করবেন। পুলিশের অর্থায়ন বন্ধ করবেন।
হেরে গেলে নভেম্বরের নির্বাচনী ফলাফলকে তিনি মেনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাকে দেখতে হবে। আমি ধরেই হ্যাঁ বলতে যাচ্ছি না। ট্রাম্পের এই সাক্ষাৎকার এমন সময়ে নেয়া হয়েছে যখন মতামত জরিপে দেখা গেছে বাইডেন তার থেকে এগিয়ে রয়েছেন।
সাক্ষাৎকারকালে প্রশ্নকর্তা ফক্সের নতুন মতামত জরিপের কথা ট্রাম্পকে জানান। জরিপে মহামারি মোকাবেলায় বাইডেন ট্রাম্পের চেয়ে ১৭ পয়েন্টে, জাতিগত বিক্ষোভ বিষয়ে ২১ পয়েন্ট এবং অর্থনীতির ক্ষেত্রে ১ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এছাড়া ওয়াশিংটন পোস্ট-এবিসি’র জনমত জরিপে বাইডেন ট্রাম্পের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এসব জরিপ উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, হোয়াইট হাউজের জরিপে তিনি জয়ী হচ্ছেন।
ট্রাম্প (৭৪) প্রায়ই বাইডেনের (৭৭) মানসিক দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাই তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তিনি বাইডেনকে জরাগ্রস্ত মনে করেন কিনা। এর জবাবে ট্রাম্প বলেন, আমি তা বলতে চাচ্ছি না। আমি বলছি, তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। তিনি আরো বলেন, বাইডেনকে এ ধরণের সাক্ষাৎকারের জন্যে বসিয়ে দিলে তিনি মায়ের জন্যে কান্নাকাটি শুরু করে দেবেন। তিনি বলবেন, মা মা, আমাকে বাড়ি নিয়ে যাও।
করোনা মোকাবেলায় ট্রাম্প তার পদক্ষেপসমূহ আবারো সমর্থন করেছেন। তিনি বলেন, পরীক্ষার দিক থেকে আমরা বিশ্বে ঈর্ষর্ণীয় জায়গায় রয়েছি। এদিকে লাখ লাখ লোক বেকার হওয়া সত্ত্বেও ট্রাম্প বলেছেন, অর্থনীতির গতি যথেষ্ট ভালো। সূত্র: বাসস।

