স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত রাজশাহীর কমিশনার
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ জুলাই ২০২০ । আপডেট ২১:৫৩
রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার (৫৪) স্ত্রী ও ছেলেসহ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এতে বিভাগীয় কমিশনারসহ তার পরিবারের তিন সদস্যের প্রত্যেকেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে। মঙ্গলবার (২১ জুলাই) রাজশাহী সিভিল সার্জন মহা. এনামুল হক এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
সিভিল সার্জন এনামুল হক বলেন, বিভাগীয় কমিশনারের একজন আত্মীয় কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। কিন্তু ওই আত্মীয়ের সংক্রমণ শনাক্ত হওয়ার আগে তিনি বিভাগীয় কমিশনারের বাসায় গিয়েছিলেন। পরে ওই আত্মীয়ের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। পরে সপরিবারসহ তিনিও নমুনা দেন। এতে তিনি, তার স্ত্রী নাসরিন খোন্দকার (৪৫) ও ছেলে তানজিম মাহাতাবের (১৭) করোনা শনাক্ত হয়। তবে তারা তিনজনই শারীরিকভাবে ভালো আছেন এবং বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানান সিভিল সার্জন।

