বগুড়ায় ‘সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে’ নিহত ১, অস্ত্র উদ্ধার
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৬:১৩
বগুড়ায় দুই দল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে আল-আমিন ওরফে গরু রাব্বী (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) রাত ২টার দিকে শহরের নিশিন্ধারা এলাকার জাহিদ মেটালের ইউ ক্যালিপটাস বাগানে দুই দল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী গণমাধ্যমকে এমনটাই জানান।
সনাতন চক্রবর্তী বলেন, ‘ভোর রাতে দুই দল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশের একাধিক দল নিয়ে সেখানে যাই। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপস্থিত লোকজন তাকে শহরের সুলতানগঞ্জ পাড়ার সন্ত্রাসী আল-আমিন ওরফে গরু রাব্বী (৩৭) হিসেবে শনাক্ত করে। তার বাবার নাম খালেকুজ্জামান হেলাল।’ ‘পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড বুলেট ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে’ বলেও জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।
পুলিশের দাবি, নিহত আল-আমিন ওরফে রাব্বীর নামে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদক চোরাকারবারি এবং বিশেষ ক্ষমতা আইনে বগুড়া সদর থানায় ৭টি মামলা আছে। করোনাভাইরাসের আগে রাব্বী জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসে আবারও অপরাধে জড়ায়।

