নোয়াখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৬:২৩
নোয়াখালীর চাটখিলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহত অটোরিকশাচালক আব্দুস সাত্তার (৩৫) সদর উপজেলার আন্ডারচর গ্রামের কালু মিয়ার ছেলে। এ ঘটনায় বুধবার (২২ জুলাই) চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহত ব্যক্তির মৃতদেহ ও তার অটোরিকশা উদ্ধার করতে পারলেও তার ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যার পর চাটখিল-বদলকোট সড়কে ফেলে রেখে গেছে। চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’ হত্যার তদন্ত চলছে উল্লেখ করে ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা- তার বুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের ছোটভাই জামাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে চাটখিল থানায় একটি মামলা দায়ের করেছেন।’

