কোভিড সেন্টারে কিশোরীকে ধর্ষণ করলো করোনা রোগী: গ্রেফতার ২
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১৪:৩০
ইন্ডিয়ার সর্ববৃহৎ কোভিড সেন্টার আইটিবিপিতে করোনা চিকিৎসা নিতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষকও করোনা রোগী এবং ১৯ বছরের তরুণ। এ ঘটনায় অভিযুক্ত ওই তরুণ এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তার সহযোগীরও করোনা পজিটিভ বলে জানিয়েছে পুলিশ।
দেশটির পুলিশ জানিয়েছে, দিল্লির ছতরপুরে দেশটির বৃহত্তম কোভিড সেন্টারে গত ১৫ জুলাই এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পরেই কিশোরীকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে তার কোভিড-১৯ এর চিকিৎসাও চলছে।
অন্যদিকে দুই অভিযুক্তকেও আরেকটি হাসপাতালে পুলিশ হেফাজতে ভর্তি করা হয়েছে। বিচারবিভাগীয় কাস্টডিতে জানিয়ে পসকোর আওতায় দিল্লির ময়দান গারহি পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছেন অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার পরবিন্দর সিং।
ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ এই করোনা সেন্টারটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ১০ হাজার ২০০ করোনা বেড থাকলেও বর্তমানে সেখানে মাত্র ২৫০ জন রোগী আছেন। তাই কোভিড সেন্টারটির একটি বিশাল অংশ খালি পড়ে আছে। আর তারই সুযোগ নিয়েছে এ দু’জন।
জানা যায়, কিশোরী ও ওই দুই অভিযুক্তের কোভিড সেন্টারে গিয়ে পরিচয় হয়। ১৫ জুলাই অভিযুক্তরা মেয়েটিকে ওই কোভিড সেন্টারের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। পরে সহযোগীকে পাহারায় রখে কোভিড সেন্টারের শৌচাগারের কাছে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। পুরো ঘটনার ভিডিও ধারণ করে পাহারায় থাকা সহযোগী।
এ ঘটনার পরদিন দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের কাছে অভিযোগ দেয় মেয়েটি। পরে তারা পুলিশকে জানালে নির্যাতিত কিশোরীর স্বাস্থ্য পরীক্ষায় যৌন হেনস্থার প্রমাণ পাওয়া যায়। পরে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে পুলিশ। সূত্র – হিন্দুস্তান টাইমস বাংলা।

