প্রায় অর্ধশত গরু নিয়ে যমুনায় ট্রলারডুবি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১৩:৩০
মানিকগঞ্জের আরিচা ঘাটের অদূরে যমুনা নদীতে কোরবানির গরু বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে শিবালয় উপজেলার চর শিবালয় এলাকায় এ ঘটনা ঘটে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, কোরবানির জন্য ৪০ থেকে ৪৫টি গরু নিয়ে পাবনার নগরবাড়ি থেকে আরিচা ঘাটের সাপ্তাহিক হাটে আসছিলেন কয়েকজন ব্যাপারী এবং খামারি। ঘাটের অদূরে নৌকাটি স্রোতের কবলে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নৌকা নিয়ে এগিয়ে গিয়ে ব্যাপারী ও খামারিদের উদ্ধার করেন। এ সময় ৫টি গরুও জীবিত উদ্ধার করা হয়। কিন্তু বাকি গরুসহ ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে গরুগুলো উদ্ধারে তৎপরতা চলছে বলেও জানা গেছে।
এদিকে তীরে আসার পর গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেক খামারি।

