‘নকল মাস্ক সরবরাহকারী’ শারমিন ৩ দিনের রিমান্ডে
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১৪:২০
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে ‘এন-৯৫’ নকল মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
রিমান্ড বিষয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালতে শুনানি হয়। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই নিজাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তিন দিনের রিমান্ডের আবেদন করে শারমিন জাহানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শারমিন জাহানকে শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা গেছে, শারমিন জাহান ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাবেক নেতা। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত। তবে উচ্চতর শিক্ষা ছুটিতে রয়েছেন তিনি। সেই ছুটিতে থেকেই ব্যবসা শুরু করেন শারমিন।
নকল মাস্ক : ঢাবি’র সহকারী রেজিষ্টার শারমিন জাহান গ্রেপ্তার
মাস্ক কেলেঙ্কারি: বঙ্গবন্ধু মেডিকেলের মামলার আসামি ঢাবি’র সহকারী রেজিস্ট্রার

