করোনায় মারা গেছেন মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী ডা. জেসাস
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১৬:০০
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী ডা. জেসাস গ্রাজেদা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিহুয়াহুয়ার গভর্নর। সোমবার (২৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. জেসাস। তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। অবশেষে মৃত্যু হলো তার।
ডা. জেসাস গ্রাজেদার মৃত্যুতে শোক প্রকাশ করে চিনহুয়াহুয়ার গভর্নর জাভিয়ের কোরাল লিখেছেন, ‘এই মুহূর্তে কেমন অনুভূত হচ্ছে- সেটা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। দুঃখে ডুবে যাচ্ছি।’
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) পর্যন্ত মেক্সিকোতে করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৪৮৯ জন। তাদের মধ্যে মারা গেছে ৪৪ হাজার ২২ জন। আক্রান্তের হিসাবে বিশ্বের শীর্ষ তালিকার ৬ষ্ঠ স্থানে থাকলেও মৃত্যুর পরিসংখ্যানে মেক্সিকোর অবস্থান বিশ্বের মধ্যে চতুর্থ। এর চেয়ে বেশি মারা গেছে আমেরিকা, ব্রাজিল ও ব্রিটেনে।

