টাঙ্গাইল জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১৬:১০
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি। বর্তমানে তিনি সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘জেলা প্রশাসক আতাউল গনি স্যারের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।’ সরকারি বাসভবনে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, গতকাল সোমবার রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল হাতে আসে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন বলেন, ‘এর আগে রবিবার টাঙ্গাইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপরে জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তিনিও করোনা পজিটিভ।’
এদিকে টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকসহ টাঙ্গাইলে নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫১৫ জনে দাঁড়াল। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮৫৩ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৫ জনের।

