করোনায় সিনিয়র স্টাফ নার্স আবুল কালামের মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১৭:১০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আবুল কালাম (৫০) (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ জুলাই) রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, ২৯ জুন তার করোনা শনাক্ত হয়। প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে ঢাকায় রেফার্ড করা হয়। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ব্রাদার আবুল কালাম (৫০) মারা যান।
সিভিল সার্জন আরও বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সদরে ৭ জন, গলাচিপায় ৩ জন, মির্জাগঞ্জে ২ জন ও কলাপাড়ায় একজন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৫ জনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ৮ জন নার্সের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন সিনিয়র স্টাফ নার্স, দুইজন নার্সিং সুপারভাইজার ও একজন সহকারী নার্স রয়েছেন।

