খুলনায় ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১০:৩৩
খুলনা মহানগরীর তেলিগাতী মধ্যপাড়ায় নিজ বাড়িতে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. বাচ্চু শেখ (৩২)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু শেখ স্থানীয় বাসিন্দা মো. আমজাদ শেখের পুত্র। তিনি বিদেশে ছিলেন।
এ ঘটনা নিশ্চিত করেছেন, আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম রেজা।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু শেখ বুধবার (২৯ জুলাই) দিনগত রাতে তেলিগাতী মধ্যপাড়ায় নিজ ঘরে স্ত্রী’র সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে অজ্ঞাত পরিচয়ের দৃর্বৃত্ত ঘরে ঢুকেই ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলে হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।

