মিয়ানমার সীমান্তে হামলা, ৩ ইন্ডিয়ান সেনা নিহত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ । আপডেট: ১৬:০৩
ইন্ডিয়ার মণিপুরে মিয়ানমার সীমান্তে হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। মনিপুরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিপলস লিবারেশন আর্মির সদস্যরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মণিপুরের চান্ডেল জেলায় এরিয়া ডোমিনেশানে বেরিয়েছিল ১৫ নম্বর আসামর রাইফেলসের একটি স্কোয়াড। এমন সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক সীমান্তে তিনদিনের অপারেশন শেষে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে ঘাঁটিতে ফেরার সময় আসাম রাইফেলের সৈন্যদের ওপর অতর্কিত হামলা হয়। ইন্ডিয়া-মিয়ানমার সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মনিপুরের খংটালে সৈন্যরা আক্রান্ত হন।
তিনি বলেন, ঘাঁটি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আসাম রাইফেলের সদস্যরা আইইডি বিস্ফোরণের কবলে পড়েন। বিস্ফোরণের পরপর সাজিক তামপাক গ্রামের কাছে তাদের লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিন জওয়ান নিহত হন। এছাড়া আহত হন আরও ছয়জন। খবর এনডিটিভির।

