স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ করতে ঘরে ফেরা হলো না আনিছের
উত্তরদক্ষিণ । শনিবার, ০১ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০৫
সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের মধুখালী উপজেলায় মো. আনিছ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (০১ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মরিচ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়।
করিমপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম গণমাধ্যমকে বলেন, আনিছ ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে শিবালয়ে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মরিচ বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পরিবহন চাপা দিলে ঘটনাস্থলেই আনিছ নিহত হন।
ওসি আরও বলেন, ব্যবসায়িক কাজে আটকে যাওয়ায় আনিছ ঈদের দিন সকালে বাড়ি ফিরছিলেন। বাড়িতে স্ত্রী-সন্তানের সঙ্গে ঈদ করার কথা ছিল তার। আনিছের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

