করোনা ‘কমে আসায়’ ব্রিফিং বন্ধ, তথ্য প্রবাহে ‘অসুবিধা হবে না’!

করোনা ‘কমে আসায়’ ব্রিফিং বন্ধ, তথ্য প্রবাহে ‘অসুবিধা হবে না’!
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৫৮

অনলাইনে স্বাস্থ্য বুলেটিন আগামীকাল বুধবার (১২ আগস্ট) থেকে বন্ধ হয়ে যাবে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, ‘ব্রিফিং বন্ধ হলেও তথ্য প্রবাহে কোনও অসুবিধা হবে না।’ মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের শেষে তিনি এই তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আগামীকাল থেকে এই অনলাইন ব্রিফিংটি আর হবে না। তবে যথারীতি প্রেস রিলিজ সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা সব তথ্যই জানতে পারবেন। তথ্য প্রবাহে কোনও অসুবিধা হবে না। তথ্য নিয়মিতভাবে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো হবে।’

বুলেটিন বন্ধ কেন?
স্বাস্থ্য অধিদফতরের একাধিক সূত্র জানায়, মূলত মন্ত্রণালয়ের নির্দেশে অধিদফতরের বুলেটিন বন্ধ হচ্ছে। তারা বলছেন, এত বড় সিদ্ধান্ত অধিদফতরের নেওয়ার ক্ষমতা নেই। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে পরিস্থিতি ভালোর দিকে থাকায় তারা বুলেটিন বন্ধ করতে যাচ্ছেন।

এদিকে, করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে এসেছে এবং কমে এসেছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাই আর বুলেটিন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বুলেটিন কেন বন্ধ হচ্ছে- এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘যেভাবে টেলিভিশনে এসে একটা অনুষ্ঠানের মাধ্যমে, এখন হয়তো সেভাবে আসবে না। আগামীতে লেখায় আসবে, একটা প্রেস রিলিজের মতো করে আসবে। কারণ, চার মাস, পাঁচ মাসতো হলোই, এখন একটু কন্ট্রোল হচ্ছে বলে আমরা মনেকরি, একটু কমে আসতেছে। রেগুলার ওইভাবে একজন ব্যক্তি দিয়ে প্রেস ব্রিফিং না করে প্রেস রিলিজ দেওয়া হবে।’

অধিদফতরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, ‘আমরা প্রেস রিলিজ দিচ্ছি, বুলেটিনে যা বলা হয়- সেটাই দেওয়া হয়। তাই মন্ত্রণালয়ের মনে হয়েছে, এখানে রিপিট হচ্ছে, রিপিট করার কিছু নেই। তাই বুলেটিন বন্ধ করার সিদ্ধান্ত এসেছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading