মাথায় অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে প্রণব মুখোপাধ্যায়

মাথায় অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে প্রণব মুখোপাধ্যায়

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:০৮

করোনাভাইরাস আক্রান্ত ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত অপসারণ করা হয়েছে। পরে তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে এনডিটিভি, দ্যা হিন্দু, টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারের খবরে বলা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে অস্ত্রোপচারের আগেই ইন্ডিয়ান সাবেক এই প্রেসিডেন্টের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছিল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

আনন্দবাজারের খবরে বলা হয়, রোববার রাতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন ৮৪ বছর বয়সী প্রণব। এ সময় মাথায় আঘাত পান তিনি। আঘাতে রক্তপাতের ঘটনা না ঘটলেও পরদিন সকাল থেকে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয়, বাঁ হাত নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল তার। এরপর চিকিৎসকের পরামর্শে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ এন্ড রেফারেলে ভর্তি হন তিনি। এমআরআই স্ক্যানে মাথার ভেতরে জমাট বাঁধা রক্তের অস্তিত্ব ধরা পড়ে, যা আঘাতের ফলেই হয়েছে বলে চিকিৎসকদের মত। জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা।

অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই তার কোভিড-১৯ ধরা পড়ে। তারপরও সোমবার (১০ আগস্ট) রাতেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকেই ভেন্টিলেশনে আছেন ডায়াবেটিকসের রোগী প্রণব মুখোপাধ্যায়। তার পরিস্থিতির ওপর নজর রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করেছে রিসার্চ এন্ড রেফারেলে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় গণমাধ্যমকে জানিয়েছেন, অবস্থা সঙ্কটজনক হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন তার বাবা। পরবর্তী ৯৬ ঘণ্টা প্রণব চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বলে জানা গেছে।

২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ইন্ডিয়ার রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের জামাই খ্যাত প্রণব। তার স্ত্রী ও বাংলাদেশের কন্যা কয়েক বছর আগেই মারা গেছেন। বর্তমানে তার পরিবারের অন্যান্য সদস্যদের করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। তাদের ফলাফল নেগেটিভ এসেছে।

গত এক সপ্তাহে যারা যারা তার সংস্পর্শে এসেছিলেন সোমবার নিজের একই টুইটে পূর্বসতর্কতা হিসেবে তাদের আইসোলেশনে থাকার ও কোভিড-১৯ পরীক্ষার অনুরোধ জানিয়েছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারত রত্ন’ পাওয়া এই রাজনীতিক। ইতোমধ্যে তার সুস্থতা কামনা করে বহু লোক টুইট করেছেন। তাদের মধ্যে ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের রাহুল গান্ধীর মতো অনেকে রয়েছেন। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের একান্ত ঘনিষ্ঠজন প্রণব বাবুর রোগমুক্তি কামনা করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading