প্রেমে ব্যর্থ: ফেইসবুকে পোস্ট দিয়ে ঢাবি ছাত্রের আত্মহত্যা

প্রেমে ব্যর্থ: ফেইসবুকে পোস্ট দিয়ে ঢাবি ছাত্রের আত্মহত্যা

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:৩০

প্রেমে ব্যর্থ হয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্র। সোমবার (১৭ আগস্ট) সকালে বরিশালের উজিরপুর উপজেলার গ্রামের নিজ বাড়ি থেকে ইমাম হোসেন নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

জানা গেছে, ইমাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। রাজধানীর নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ইমাম হোসেন।

তার এলাকার বন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র মো. মনির হোসেন সোমবার দুপুরে মুঠোফোনে এ তথ্য জানান। তিনি আরও বলেন, একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইমামের। কিছুদিন আগে সম্পর্কটি ভেঙে যায়। এ নিয়ে ইমাম অনেক দিন ধরেই হতাশায় ভুগছিলেন। মনির জানান, রবিবার রাতে নিজের বাড়িতেই এলাকার তিনজন বন্ধুর সঙ্গে অনেক রাত পর্যন্ত আড্ডা দেন ইমাম। সকাল সাড়ে ৮টার দিকে ওই তিন বন্ধু বাসা থেকে চলে আসেন। বন্ধের মধ্যে এলাকায় থাকায় কিছুদিন ধরে স্থানীয় কয়েকজন স্কুলছাত্রকে পড়াচ্ছিলেন ইমাম। সোমবার সকাল ৯টার সময় ওই ছাত্ররা ইমামের বাসায় পড়তে যায়। কিন্তু ভেতর থেকে কোনও শব্দ না পেয়ে কিছুক্ষণ পর দরজা ভেঙে ঘরে ঢুকে তার পরিবারের সদস্যরা ইমামকে ঝুলন্ত অবস্থায় দেখেন।

কলেজজীবন থেকে ইমামের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র হোসাইন আজম। তিনি জানান, বান্ধবীর মা–বাবা তাদের সম্পর্কটি মেনে নিতে পারছিলেন না বলে ইমাম তাকে জানিয়েছিলেন। এদিকে, কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আত্মহত্যাবিষয়ক বিভিন্ন পোস্ট দিচ্ছিলেন ইমাম হোসেন। বন্ধুরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছেন। রবিবার ইমাম ফেসবুকে ‘আল-বিদা’ লিখে সবশেষ একটি স্ট্যাটাস দেন।

পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য সোমবার দুপুরে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করবে পুলিশ। তবে পরিবার অভিযোগ দিলে আত্মহত্যায় প্ররোচনার জন্য কথিত প্রেমিকা ও তাদের পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান উজিরপুর থানার ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading