আকস্মিক সফরে শ্রিংলা ঢাকায়
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৪০
আকস্মিক সফরে ঢাকায় এসেছেন ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুর্মিটোলা বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বিমান। চলতি বছরের জানুয়ারিতে ইন্ডিয়ার পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি শ্রিংলার দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে মার্চের শুরুতে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।
টানা তিন বছর ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব পালনের পর গত বছর জানুয়ারিতে বিদায় শ্রিংলা। ইন্ডিয়ার পররাষ্ট্রসচিব হওয়ার আগে তিনি আমেরিকায় রাষ্ট্রদূত ছিলেন। শ্রিংলার আকস্মিক সফর নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ইন্ডিয়ান হাই কমিশন মুখ না খুললেও গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, দুই দেশের সম্পর্ক জোরদারে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ‘বিশেষ বার্তা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে এই সফরে এসেছেন শ্রিংলা।
ঢাকায় অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলা গণভবনে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শ্রিংলার। তথ্য সহায়তা ইউএনবি ও বিডিনিউজ।

