সৈয়দপুরে করোনা যোদ্ধাদের সংবর্ধনা প্রদান
শাহজাহান আলী মনন । উত্তরদক্ষিণ
সৈয়দপুর (নীলফামারী): সোমবার, ২৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:০০
ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “শিক্ষা নগরী, সৈয়দপুর”-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও করোনার নমুনা সংগ্রহকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বিকালে বিনোদন কেন্দ্র থিম পার্কে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম। বিশেষ অতিথি ছিলেন পৌর ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহাবাত আলী সাব্বু।
করোনাকালে বিশেষ অবদান রাখার জন্য করোনা সংগ্রহকারী দলের সদস্যদের হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি)। সংবর্ধিত সদস্যরা হলেন – টিম লিডার মেডিকেল অফিসার ডাঃ আরমান হোসেন রনি, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ আবু তাহের সিদ্দিকী, মেডিকেল টেকনোলজিষ্ট ( ল্যাব) মোঃ আল আমিন ও মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) মোঃ মামুনুর রশিদ।
এসময় মেডিকেল টিমের পক্ষে ডাঃ আরমান হোসেন রনি অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, “শিক্ষা নগরী, সৈয়দপুর”-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও জলপাই গাছের চারা তুলে দেন প্রধান অতিথি। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন সৈয়দপুর থিম পার্ক কর্তৃপক্ষ। সার্বিক ব্যবস্থাপনায় তরুন উদ্যোক্তা ও কলামিস্ট কাকন।

