সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৩ আসামি ফের রিমান্ডে

সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৩ আসামি ফের রিমান্ডে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:১৫

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী, উপ-পরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিচারক। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ৩টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ-৩ আদালত এই আদেশ দেন।

দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল আলমের আবেদনের প্রেক্ষিতে বিচারক তামান্না ফারাহ রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে অ্যাডভোকেট আহসানুল হক হেনার নেতৃত্বে একটি আইনজীবী প্যানেল চট্টগ্রাম থেকে আদালতে হাজির হয়ে ওসি প্রদীপসহ তিন জনের জামিন আবেদন করেন। একইসঙ্গে রিমান্ড বাতিলেরও আবেদন করেন। দীর্ঘ শুনানির পর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আবেদন দুটি নাকচ করে জামিন নামঞ্জুর করেন এবং প্রত্যেককে ৩ দিন করে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম জানিয়েছেন, ‘মামলাটি খুবই স্পর্শকাতর। তাই অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রয়োজন। তাই চার দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত হোক।’

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রদীপদের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে পুলিশসহ মোট ৯ জনকে আসামি করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading