সেপ্টেম্বরে শিক্ষার্থীরা কম দামে ইন্টারনেট পাবে: শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বরে শিক্ষার্থীরা কম দামে ইন্টারনেট পাবে: শিক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:২০

অনলাইন ক্লাসে অংশ নিতে শিক্ষার্থীরা যাতে সহজে ডিভাইস এবং স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘আশা করছি আগামী (সেপ্টেম্বর) মাসের প্রথম সপ্তাহে এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আমরা জানাতে পারবো।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘যেকোনও সংকট শুধু সমস্যাকেই নিয়ে আসে না সম্ভাবনার দ্বারও উন্মুক্ত করে। এই মহামারি পরিস্থিতিতেও আমরা সেই শিক্ষা পেলাম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্য যেসব উদ্যোগ নিয়েছে সেটা হয়তো আরও ১০ বছর পরে নেওয়া হতো। কিন্তু সেই উদ্যোগ এখনই নেওয়া হলো, এটি সবচেয়ে বড় সম্ভাবনা।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘এই করোনা মহামারি পরিস্থিতি অনলাইন শিক্ষার একটা অপরচুনিটি। কারণ,এই প্যানডেমিক সিচুয়েশন কবে যাবে সেটা আমরা জানি না। তাই জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই সুযোগটাকে অ্যামব্রেস করতে পারে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে অনলাইন শিক্ষা-কার্যক্রম সফল করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনও বিকল্প নেই। কারণ, এটি সমগ্র বাংলাদেশকে কাভার করে।’

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, ‘করোনা মহামারি পরিস্থিতির শুরু থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্য কলেজগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। তবে প্রাতিষ্ঠানিক ও সুসংগঠিতভাবে অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্য আমাদের এই উদ্যোগ। এই কার্যক্রমের আওতায় অনলাইনে ১৪৫৮ জন শিক্ষকের ১৪৫৮টি কোর্সে মোট ১৭ হাজার ৫০০টি ভিডিও ক্লাস অপলোড করা হবে। ৩১টি ডিসিপ্লিনের এই অনলাইন ক্লাস নেওয়া সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। একজন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে খুব সহজে এই ভিডিও ক্লাস দেখতে পাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। ডিজিটাল বাংলাদেশের ধারণা প্রবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, ‘বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দফতরের প্রধান, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading