বেনাপোল সীমান্তে ৯.২ কেজি সোনারবারসহ নারী আটক
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০। আপডেট: ১২:০৫
বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের সোনার বারসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক বানেছা খাতুন (৩৫) বেনাপোলের সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সোনারবার ইন্ডিয়ায় পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তে দুখুমিয়ার বাড়িতে অভিযান চালায়। সেখানে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের মোট ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন নামে এক নারীকে আটক করা হয়। পরে আটক নারীকে বেনাপোল বিজিবি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূ স্বীকার করেছে, সে ও তার স্বামী দীর্ঘদিন ধরে ইন্ডিয়ায় সোনা পাচার করে আসছে। বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো। -ইউএনবি।

