সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৯.৭৪%
উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ আগস্ট ২০২০। আপডেট: ১২:৩৫
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের ইতিবাচক প্রভাব পড়লেও সপ্তাহের ব্যবধানে টাকার অংকে ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৯.৭৪ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনা করলে এ তথ্য পাওয়া গেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ১৪৪ কোটি ২২ লাখ টাকার মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। আগের সপ্তাহে মোট লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ৮৯৮ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন এক হাজার ১৭৯ কোটি ৬০ লাখ টাকা থেকে কমে ৮২৮ কোটি ৮৪ লাখ টাকায় নেমে হয়। আগের সপ্তাহের চেয়ে লেনদেন কমেছে ২৯ দশমিক ৭৪ শতাংশ।
সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর অবস্থান দাঁড়ায় ৪ হাজার ৮৭৩ দশমিক ১৮ পয়েন্ট। সপ্তাহের শুরুতে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৭৯৪ দশমিক ০৭ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৭৯ দশমিক ১১ পয়েন্ট বা ১ দশমিক ৬৫ শতাংশ।
ডিএসইর সেরা কোম্পানির সূচক ডিএসই-৩০ এক সপ্তাহের ব্যবধানে ১ হাজার ৬৪৭ দশমিক ০৭ পয়েন্ট থেকে ১ হাজার ৬৯০ দশমিক ১০ পয়েন্টে উঠে আসে। আর ডিএসই শরীয়াহ সূচক ডিএসইএস ১ হাজার ১০০ দশমিক ৩৪ পয়েন্ট থেকে বেড়ে হয়েছে এক হাজার ১৩০.৬১ পয়েন্ট।
সপ্তাহটিতে ডিএসইতে ৩৬২টি কোম্পানির শেয়ার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮১টির বা ৫০ শতাংশ কোম্পানির। আর ৪১ দশমিক ৪৩ শতাংশ বা ১৫০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।

