ইউএনও’র ওপর হামলা: ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৩:২৫
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবারের মধ্যেই তাকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে রংপুর সদর থানার পরিদর্শক আজিম উদ্দিনকে ঘোড়াঘাট থানায় নতুন অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।
ওসি প্রত্যাহারের বিষয়টি, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন।
জানা গেছে, ঘোড়াঘাট ইউএনও’র ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থতা এবং ওই রাতে পুলিশের টহল নিয়ে প্রশ্ন ওঠে ওসি আমিরুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনি দায়িত্ব পালনকালে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপরও হামলা হয়েছিল। তথ্য সহায়তায়: বাংলা ট্রিবিউন

