জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন ইউশিহিদি সোগা
উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৩:৫০
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে বুধবার নির্বাচিত হয়েছেন ইউশিহিদি সোগা। তিনি দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হচ্ছেন। আবে সরকারের মুখ্য মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা সোগা আজ দিনের শেষ দিকে তার নিজের মন্ত্রিসভা গঠন করবেন। খবর সংবাদ সংস্থা এপি’র।
কৃষকের সন্তান ও নিজের চেষ্টায় রাজনীতিতে সফলতা পাওয়া সোগা সাধারণ জনগণ ও গ্রামীণ সম্প্রদায়ের স্বার্থ উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাকে সোমবার ক্ষমতাসীন দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তার পূর্বসূরি আবে অসুস্থতার কারণে পদত্যাগ করেছিলেন।
সোগা জানিয়েছেন, তিনি আবের অসমাপ্ত নীতি নিয়ে কাজ করবেন এবং তার মূল অগ্রাধিকার হবে করোনাভাইরাস মোকাবিলা এবং এ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির চাকা ঘুরানো।
২০০৬ থেকে ২০০৭ মেয়াদে আবের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্বকালে তার বিশ্বস্ত সঙ্গী ছিলেন সোগা। পরে অসুস্থতার কারণে আবের মেয়াদের ইতি ঘটলে ২০১২ সালে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসতে তাকে সাহায্য করেন সোগা।
প্রসঙ্গত, ৬৫ বছর বয়সী শিনজো আবে আলসারেটিভ কোলাইটিস রোগে আক্রান্ত এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।

