‘স্বামী ছাড়া মা হওয়া’র খবরে চটেছেন শবনম ফারিয়া

‘স্বামী ছাড়া মা হওয়া’র খবরে চটেছেন শবনম ফারিয়া

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০। আপডেট ১৪:৩০

“শুধু মাত্র দুইটা লাইক/শেয়ারের জন্য যারা মানুষত্ব বিক্রি করতে দুইবার ভাবে না, তাদের কাছ থেকে আমরা কীভাবে সঠিক তথ্য আশা করতে পারি? এসব কী ধরনের সাংবাদিকতা? কারা এ ধরনের সংবাদ লিখে?” ‘স্বামী ছাড়া সারোগেট পদ্ধতিতে মা হচ্ছেন শবনম ফারিয়া’ এমন শিরোনামের একটি খবর দেখে এভাবেই চটলেন হালের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একটি অনলাইন পোর্টালে প্রকাশিত ওই খবরটির স্ক্রিনশট জুড়ে দিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অভিনেত্রী শবনম ফারিয়া তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে তিনি আরো লিখেছেন, “তাদের কি একেবারেরও জন্যেও মনে হয় না, আমাদেরও পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশি আছে? নাকি তারা এসবের বাইরে? একটা মেয়ের জীবনে প্রেগনেন্সি খুব গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়, বিশেষত যখন সে বিবাহিত, বিষয়টা আরো সেনসেটিভ!”

“প্লিজ আমাকে নিয়ে সংবাদ লিখবেন না, আমাকে আমার মতো থাকতে দিন! আমার কোন পাবলিসিটি/পরিচিতির আর দরকার নাই!”

মা হওয়ার খবরটির ব্যপারে অভিনেত্রী আর কিছু না লেখেননি।

তবে ‘স্বামী ছাড়া সারোগেট পদ্ধতিতে মা হচ্ছেন শবনম ফারিয়া’ শিরোনামে ১৫ সেপ্টেম্বর প্রকাশিত ওই খবরে উল্লেখ করা হয়েছে, “নিঃসন্তান দম্পতিদের গর্ভ ভাড়া দিয়ে সন্তান লাভের ব্যবস্থা করে দেয়া নারীদের সারোগেট মাদার বলা হয়। এবার সেই সারোগেট মাদারের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে।

নাট্যনির্মাতা সাজ্জাদ সুমন ‘গর্ভধারিণী’ নাটকে সারোগেট পদ্ধতিতে মা হওয়ার গল্প এতে তুলে ধরা হয়েছে। গর্ভধারিণীর চরিত্র অভিনয় করেছেন শবনম ফারিয়া।

তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, রাজীব-মিতুর সংসার ভালোই চলছিল। হঠাৎ এক অ্যাকসিডেন্টে রাজীবের বাঁ পা প্যারালাইজড হয়ে যায়।

এ সময় তাদের অনেক টাকার প্রয়োজন হয়। বেশ আগে কবীর নামে এক ব্যক্তি মিতুকে সারোগেট পদ্ধতিতে সন্তান নেয়ার প্রস্তাব দিয়েছিল। এই দুঃসময়ে কবীরের কথা মনে পড়ে তাদের। এরপর কবীরের প্রস্তাবে রাজি হয়।

নানা ঘটনার মধ্য দিয়ে এভাবে এগিয়ে যায় এই নাটকের গল্প। নাটকটির নির্মাণ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, নাটকের মাধ্যমে ভালো গল্প তুলে ধরতে পারলে একজন নির্মাতার আত্মা তৃপ্তি পায়। অনেকদিন পর গর্ভধারিণীর গল্প বলতে গিয়ে খুব আনন্দ পেয়েছি।

গর্ভধারিণীতে শবনম ফারিয়ার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিলো। নির্মাতা হিসেবে বলছি, ফারিয়া তা অতিক্রম করেছে।

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এ নাটকের চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা সাজ্জাদ।”

অর্থাৎ, বোঝাই যাচ্ছে খবরটি ছিল মূলত ঈদুল আজহা উপলক্ষে নির্মিত একটি নাটক নিয়ে। যা নিয়ে জুলাই ২০২০-এর শেষ দিকে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading